২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরণের একদিন পর গাজীপুর নগরীতে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার দুপুরে নগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এলাকায় মো. হিরা মিয়াকে (৭) পাওয়া যায়।

সে গাজীপুর নগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, নগরীর জোলারপাড় এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলু গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে জুবেনা (২৭)।

হিরার মা হালিমা বেগমের বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, রোববার সন্ধ্যায় হিরা প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়ি যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিকে হিরার খোঁজ না পেয়ে তার মা হালিমা বেগম রোববার রাতেই জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ সন্দেহভাজন আনোয়ার হোসেন ও তার স্ত্রী জুবেনাকে আটক করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কের পাশ থেকে হিরাকে উদ্ধার করে পুলিশ।