গাজীপুরে আগুনে দেড়শ ঘর পুড়ে ছাই
গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল পশ্চিমপাড়ায় মধ্যরাতে আগুন লেগে একটি কলোনির দেড়শ আধাপাকা বসত ঘর পুড়ে গেছে।
রোববার রাত পৌনে ৩টার দিকে কলোনির একটি ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান।
তিনি বলেন, সাভার ইপিজেড, কালিয়াকৈর, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টার দিকে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরা আধাপাকা ঘরগুলোতে থাকতেন।
শহীদুল নামের এক ব্যক্তি, তার ভাই আনোয়ার হোসেন ও বোন দিলওয়ারা বেগম এসব ঘর বানিয়ে ভাড়া আদায় করে আসছিলেন।
আগুনে কেউ আহত না হলেও বিভিন্ন মালামাল পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার ব্রিগেড কর্মীরা।
