রাজধানীতে ডিবি পরিচয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর কলাবাগানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‘ছিনতাইকারীদের মারধরে’ আহত ব্যবসায়ী মো. শামীম হোসেন (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাজধানীর গাউসিয়া মার্কেটে ‘মুসলিম গার্মেন্টস’ নামে একটি কাপড়ের দোকানের মালিক শামীম।
শামীম ও তার স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রোববার বিকেল ৩টার দিকে শামীম কলাবাগানে একটি বেসরকারি ব্যাংকের শাখা অফিস থেকে ১ লাখ ৭০ হাজার টাকা তোলেন।
“এরপর বাসে করে গাউসিয়ার দোকানে ফেরার জন্য কলাবাগান বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি সাদা মাইক্রোবাস তার সামনে দাঁড়িয়ে ৩ যুবক নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে গাড়িতে তোলে।
“তারা শামীমকে ব্যাপক মারধর করে ও অকথ্য ভাষায় গালাগাল করে তার কাছে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা শ্যামলীর একটি রাস্তায় চোখ বাঁধা অবস্থায় শামীমকে ফেলে যায়।”
কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিসের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন শামীম হোসেন।
তার বড় ভাই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শামীম আমাকে জানিয়েই দোকানের প্রয়োজনে কলাবাগানের একটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল। টাকা তোলার আগে ও পরে কয়েকবার আমাদের ফোনে কথাও হয়েছিল।
“তবে টাকা তোলার এক ঘণ্টা না যেতেই শামীমকে ফোন করলে ওর ফোন বন্ধ পাই। সন্ধ্যার দিকে বাসা থেকে বের হবার পরই দেখি শামীম রক্তাক্ত অবস্থায় বাসার দিকে হেঁটে আসছে।”
এরপর তাকে ঢাকা মেডিকেলে আনেন বলে জানান তিনি।
