গ্যাস সরবরাহ বিঘ্নিত: চট্টগ্রামে ভোগান্তি
চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় চট্টগ্রামে বাসাবাড়িতে দিনের বিভিন্ন সময় গ্যাস সরবরাহ না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।
রোববার গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও গ্যাস সরবরাহ করা হয়নি।
নগরীর খুলশী সরদার বাহাদুর নগর আবাসিক এলাকার বাসিন্দা নাছিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে গ্যাস বন্ধ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে আবার সরবরাহ শুরু হয়।
বাকলিয়া ডিসি সড়কের বাসিন্দা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “সকালে ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই। বাচ্চার খাবার তৈরি করা সম্ভব হয়নি। দুপুরে দোকানের খাবার খেতে হয়েছে।”
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কোথাও কোথাও হোটেল-রেস্তোরাঁয়ও রান্না বন্ধ ছিল।
বাকলিয়া কালা মিয়া বাজার জান্নাত হোটেলের কর্মচারী মোহাম্মদ আরিফ বলেন, “সকাল সাড়ে ৮টায় গ্যাস চলে যায়। সারাদিনে আর গ্যাস সরবরাহ হয়নি। লাকড়ি দিয়ে অল্প কিছু খাবার রান্না হয়েছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে গ্যাস ছিল না। পরে সিলিন্ডার ব্যবহার করে দুই হাজার চারশ রোগীর খাবার রান্না করা হয়েছে।”
“আগামীকালও গ্যাস সরবরাহের বিষয়ে নিশ্চয়তা পাইনি। আরও একদিন হয়তো সিলিন্ডার দিয়ে চালানো যাবে। পরের দিন কি হবে জানি না।”
গ্যাস সরবরাহের সংকটের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রকৌশল) মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের দৈনিক চাহিদা ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
“সাধারণত জাতীয় গ্রিড থেকে দৈনিক ২৮০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়। রোববার পেয়েছি মাত্র ২২৮ মিলিয়ন ঘনফুট। সরবরাহ কমতে থাকায় ১ জুন সার কারখানা কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি।”
মতিউর রহমান বলেন, “চট্টগ্রামে সিংহভাগ গ্যাস সরবরাহ করা হয় সিলেটের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। সেখানে যান্ত্রিক সমস্যার কারণে আজ সরবরাহ কমে গেছে। একই সঙ্গে চাপ কমে যাওয়ায় সংকট হয়েছে।
“বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হচ্ছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ে চেষ্টা চলছে।”
