২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরে নেমে নিখোঁজ পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

চাঁদপুরে মেঘনায় টহল দেওয়ার সময় চরে নেমে নিখোঁজ এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 12:29 PM

রোববার বিকালে সদর উপজেলার লগ্নিমারা চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. হারুনুর রশিদ (৫০) তিন মাস আগে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে যোগ দেন।তার বাড়ি বরিশাল জেলায়।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে লগ্নিমারা চর এলাকায় নৌ-পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় কনস্টেবল হারুনুর রশিদ টয়লেট করার জন্য স্পিডবোট থেকে চরে নামেন।

তিনি বলেন, “আধ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় অন্য সদস্যরা তাকে খুঁজতে যায়। কিন্তু তাকে না পেয়ে তারা নৌ-পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন।

“নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নুরুজ্জামান পুলিশ নিয়ে আবার তাকে খুঁজতে বের হন। পরে বিকেল ৫টায় লগ্নিমারা চর এলাকায় তার লাশ পাওয়া যায়।”

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, মেঘনা নদীতে টহল দেওয়ার সময় চরে নেমে নিখোঁজ কনস্টেবল হারুনের লাশ ওই চর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।