নারায়ণগঞ্জে সুতার রোলারে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল মিলে সুতার রোলারে পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে কাঞ্চন পৌর এলাকায় আমির টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন (৩৮) সিলেটের খুরসি এলাকার হিরু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, দুপুরে ইকবাল হোসেন কারখানায় কাজ করছিলেন। এসময় কাপড় তৈরির সুতার রোলারে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
