২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে রিকশাচালক ও ইজিবাইক চালকদের সংঘর্ষ, আহত ৪

যশোরে ব্যাটারি চালিত রিকশার চালক ও ইজিবাইক চালকদের সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 12:30 PM

রোববার দুপুরে শহরের দড়াটানা মোড়ে এ সংঘর্ষের পর ১১ জনকে আটক করেছে পুলিশ।

আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, গত ৪ জুন থেকে যশোর শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।রোববার দুপুরে রিকশাচালকেরা জেলা প্রশাসকের কাছে পুনরায় চলাচলের অনুমতি চায়।

তিনি বলেন, এ সময় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির তাদের আগামী ১৪ জুন অনুষ্ঠেয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসে দড়াটানা মোড়সহ বিভিন্ন স্থানে শতাধিক ইজিবাইক ভাংচুর করে।

“এতে ইজিবাইক চালকদের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে দুপক্ষে অন্তত চার জন আহত হয়।”

পরে পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।