একাত্তরে বাংলাদেশের স্বপ্নের সাথী ছিলাম: মোদী
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অটল বিহারি বাজপেয়ীর সত্যাগ্রহ আন্দোলনে নিজের অংশগ্রহণের কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের জন্য ভারতীয়রা যে স্বপ্ন দেখেছিল, তা ছিল তারও স্বপ্ন।
একাত্তরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সমর্থনের কথা স্মরণ করে রোববার তাকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয় বাংলাদেশ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাজপেয়ীর এই সম্মাননা তুলে দেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।
অনুষ্ঠানে মোদী বলেন, “একটি কথা, হয়তো আমি আগে কখনও বলিনি। আজ বলতে পেরে আমার গর্ব হচ্ছে। রাজনীতিতে আমি দেরিতে এসেছি, ১৯৯৮ সালের দিকে... কিন্তু অটলজির নেতৃত্বে ভারতীয় জনসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে যে সত্যাগ্রহ করেছিল, একজন যুবকর্মী হিসাবে ওই সত্যগ্রহে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে আমি গ্রাম থেকে দিল্লি এসেছিলাম।
“যে গৌরবময় লড়াই আপনারা লড়েছিলেন, যেই স্বপ্নের জন্য, যা প্রত্যেক ভারতীয় চেয়েছিল পূরণ হোক, ওই কোটি স্বপ্নের মধ্যে আমিও ছিলাম একজন।”
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ভারত সরকারের সমর্থন প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে ভারতীয় জনসংঘ ১৯৭১ সালের ১ থেকে ১১ অগাস্ট গণসত্যাগ্রহ পালন করে। ওই আয়োজনের নেতৃত্বে ছিলেন অটল বিহারি বাজপেয়ী।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টে তখনকার বিরোধী দলীয় নেতা হিসেবে অটল বিহারী বাজপেয়ীর দেওয়া বক্তব্য তুলে ধরে মোদী বলেন, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব বলতে কী বোঝায়, তা ওই বক্তব্যে বোঝা যায়।
“‘আজ বাংলাদেশে নিজেদের সংগ্রামের জন্য লড়াই করা মানুষ এবং আমাদের রক্ত একসাথে বইছে। এই রক্ত এমন সম্পর্ক তৈরি করবে যা কোনোভাবে ভাঙবে না। কোনো ধরনের কূটনীতির শিকার হবে না’।”
নরেন্দ্র মোদী বলেন, “আজ এই পবিত্র মুহূর্তে আমাদের এই সংকল্প করতে হবে যেন এ সম্পর্ক অটুট থাকে। বাজপেয়ীজির সম্পর্কের বার্তা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”
মোদীর হাতে বাজপেয়ীর সম্মাননা তুলে দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “বিরোধী রাজনীতিতে থেকেও অটল বিহারি বাজপেয়ী বাংলাদেশের সমর্থনের জন্য কাজ করেছেন। তাকে সম্মাননা দেওয়াটা আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”
মোদী বলেন, “বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, তার হাত থেকে এ সম্মাননা নিচ্ছি। এটাই অনেক গৌরবের।
“বঙ্গবন্ধু, যার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ জয়ী হয়েছে, তার মেয়ের উপস্থিতিতে এ সম্মান দেওয়া হচ্ছে।”
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মন্ত্রিসভার সদস্য, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিন বাহিনীর প্রধানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সীমান্ত সমস্যা সমাধানের চেতনায় পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদী এ আশা প্রকাশ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সীমান্ত সমস্যা সমাধানের চেতনায় দুই দেশের আলোচনার মধ্য দিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হবে।”
ইহসানুল করিম বলেন, সাক্ষাতের সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সীমান্ত সমস্যা সমাধানের জন্য মোদীর প্রশংসা করেন।
ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই কানেক্টিভিটি উভয় দেশের অর্থনীতির জন্য সহায়তা করবে। দুই দেশের জনগণকে আরও কাছে আনবে।
শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মংলা বন্দর ব্যবহার নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, এটি দুই দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।
সীমান্ত হাট যথাযথভাবে কাজ করলে চোরচালান বন্ধ হবে বলেও মন্তব্য করেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় ভারতের মেঘালয়ে থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার অভিজ্ঞতা নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের সব রাজনৈতিক দল এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বছর ভারত সফরের সময় যে আতিথেয়তা পেয়েছেন, সে কথা মনে করেও আবদুল হামিদ সে দেশের সরকারের প্রশংসা করেন।
অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামনিয়াম জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
