২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশই সম্মানিত হল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দিয়ে বাংলাদেশই সম্মানিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 12:30 PM

রোববার সকালে বাজপেয়ীর উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এ সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতবাসীর অবদান ও বাজপেয়ীর সমর্থনের কথা তুলে ধরে বলেন, “এ ধরনের একজন মহৎ ব্যক্তি এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধুকে সম্মানিত করার মাধ্যমে আমরা নিজেদের সম্মানিত করছি।”

১৯৭১ সালে বাঙালি জাতি যখন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সে সময় অটল বিহারী বাজপেয়ী লোকসভার সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন পদক্ষেপ নেন। ‘অরগানাইজার’ পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বাগত জানান এবং বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।

তার সেই সমর্থন ভারতীয় রাজনৈতিক মহলকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

“সে সময় তিনি যেসব কর্মসূচি গ্রহণ করেছিলেন সেগুলো আমাদের স্বাধীনতার পক্ষে বিশেষ অবদান রেখেছিল। বাংলাদেশের প্রতি তার সহমর্মিতা ও সহযোগিতা আমরা সবসময়ই পেয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার প্রমাণ মিলেছে।”

বাজপেয়ীর একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একজন সুকবি হিসেবে বাজপেয়ী একবার বলেছিলেন, আমি জয়-পরাজয়ে ভীত নই, আমার কর্তব্য পালনের পথে যাই আসুক না কেন, আমি তা গ্রহণ করব। কারণ এটা যেমন সত্য, ওটাও তেমনি সত্য।”   

৯১ বছর বয়সী অটল বিহারী বাজপেয়ী ভারতের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তার জীবনের অর্ধেকের বেশি সময়। ভারত সরকার ১৯৯২ সালে তাকে ‘পদ্মবিভূষণ’ এবং ২০১৪ সালে ‘ভারতরত্ন’ পদকে ভূষিত করে।

তাকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, “আমরা খুবই খুশি হতাম যদি শ্রী বাজপেয়ী আমাদের মাঝে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারতেন।”

শারীরিক অবস্থা ভালো থাকলে বাজপেয়ী নিজেই এ সম্মাননা গ্রহন করতেন এবং তাতে এ আয়োজন আরও পূর্ণতা পেত বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।