ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২৬ জনের নামে মামলা
ফেনীতে সাংসদ নিজাম হাজারীর ‘অনুসারীদের’ একদিন আগে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ২৬ জনের নামে মামলা করেছে র্যাব।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, রোববার বিকালে র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
মামলার পর উদ্ধার হওয়া ৩৩টি অস্ত্রসহ ওই ২৬ জনকে পুলিশে হস্তান্তর করা হয়।
আদালত পুলিশের এসআই মঈন উদ্দিন আহম্মেদ জানান, সন্ধ্যায় ফেনীর আদালতে হাজির করা হলে বিচারক আলমগীর মো. ফারুকী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ২৯ জুন এ মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
এদের মধ্যে রয়েছেন, ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মেদ (৩৫), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এনামুল করিম রাজিব (২৫), দরবারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম (৩৫), ফুলগাজী উপজেলার মো. সফিকুল ইসলাম (২৬), জামাল উদ্দিন (৪২), মো. শাহাদাত হোসেন (২৪), মো. সরওয়ার হোসেন (২৯), মো. ফরিদ (৩০), মো. রবিউল ইসলাম (২৪) ও মো. ফারুক হোসেন (৩২)।
শনিবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে ৩৩টি অবৈধ অস্ত্রসহ এই ২৬ জনকে আটক করে র্যাব।
