২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 08:22 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

নিহত সাদ্দাম হোসেন (২২) নওগাঁ জেলার মান্দা উপজেলার কাকলি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে অবস্থিত ক্রিস্টাল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় জাহাজের উপর থেকে সাদ্দাম নিচে পড়ে যান। এ সময় নিচে থাকা লোহার টুকরোতে আঘাত পান তিনি।

সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ জানান, ওই ইয়ার্ডে ফিটারম্যান হিসেবে কর্মরত সাদ্দামকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।