জন বিগসের জন্য ভোট চাইলেন তিন বাঙালি ব্রিটিশ এমপি
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পুনর্নির্বাচনে মেয়র পদে লেবার পার্টির প্রার্থী জন বিগসের জন্য ভোট চাইলেন ব্রিটিশ পার্লামেন্টের তিন বাঙালি সদস্য।
লেবার পার্টির হয়ে লন্ডনের তিন আসন থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক শনিবার বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জন বিগসের পক্ষে প্রচার চালান।
বিগসকে পাশে নিয়ে তার জন্য ভোট চেয়ে বক্তব্য দেন তিন বাঙালি নারী এমপি।
আগামী ১১ জুন অনুষ্ঠেয় টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচনে মেয়র পদে লড়ছেন জন বিগস, যিনি গত বছর অনুষ্ঠেয় নির্বাচনে বিতর্কিত বাংলাদেশি লুৎফুর রহমানের কাছে হেরেছিলেন।
ওই ভোটে জালিয়াতির জন্য আদালতের আদেশে মেয়র পদ হারিয়েছেন লুৎফুর রহমান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা রয়েছে তার উপর।
এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাবিনা খান নামে এক বাংলাদেশিকে সমর্থন দিয়েছেন লুৎফুর।
