২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়ার বেশে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হিজড়াবেশী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 12:27 PM

পুলিশ ও জনপ্রতিনিধিদের ধারণা, হিজড়ার পোশাক পরলেও প্রকৃতপক্ষে এরা হিজড়া নাও হতে পারে।

রাজধানীসহ কয়েকটি স্থানে কর্মজীবী নারীকে ধর্ষণের ঘটনার দুই সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল।

এ ঘটনায় মামলা নিতে দেরি করায় এবং আসামিদের গ্রেপ্তার না করায় শুক্রবার সকালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা জামতৈল স্টেশনে বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বুঝিয়ে শান্ত করেন।

গত মঙ্গলবার জামতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিন দিন পর শুক্রবার কামারখন্দ থানায় চার জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়, যার বাদী ধর্ষণের শিকার গৃহবধূ নিজে।

মামলার আসামিরা হলেন সদর উপজেলার পোড়াবাড়ির সুলতান, কড্ডা মোড়ের জোনাকি ওরফে সালমা, কামরুল ও নদিয়া।

এদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, জামতৈল স্টেশনে সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘরে বৃদ্ধ স্বামীর সঙ্গে বসবাস করেন ওই প্রতিবন্ধী গৃহবধূ। সংসারে অভাব অনটন লেগেই থাকে সারা বছর।

দারিদ্র্যের সুযোগে শাড়ি দেওয়ার কথা বলে আসামিরা গত মঙ্গলবার সকালে সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামে ‘হিজড়া’ সুলতানের বাড়িতে ডেকে নেয় ওই গৃহবধূকে।

সেখানে যাওয়ার পর সুলতানসহ আসামিরা তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। সারাদিন আটকে রেখে বিকালে অসুস্থ অবস্থায় তাকে ছেড়ে দেয় তারা।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান রিপন জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানান, ট্রেনে ও স্টেশনে সাধারণ মানুষকে হিজড়াদের বিরক্ত এবং টাকা উত্তোলন করার কথা উল্লেখ করে বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে এদের সঙ্গে পেরে উঠছি না।”

এরা হিজড়ার পোশাকে থাকলেও প্রকৃপক্ষে ‘হিজড়া নাও হতে পারে’ বলে জানান ওসি কামাল।

কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী বলেন, হিজরারা মানুষকে বিরক্ত করলেও ‘আইন না থাকায়’ তাদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না।

তিনি মনে করেন, এ মামলার আসামিরা আসলে হিজড়া কি না তা নিশ্চিত হওয়া যয়নি এখনও।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানান, এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়ায় ক্ষুব্ধ লোকজন শান্ত হয়।

পরে থানায় ধর্ষিতা গৃহবধূ মামলা করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গায় তার স্থায়ী আবাসন গড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

গত ২৫ মে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএল কোম্পানির এক নারী শ্রমিককে দুই দফায় পালাক্রমে ধর্ষণ করেছে চারজন, যারা ওই প্রতিষ্ঠানের নৌকার মাঝি বলে দাবি পুলিশের।

এর আগে গত ২১ মে রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে কর্মরত এক গারো নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ঘটনার পর মামলা করতে সেই তরুণীকে তিন থানা ঘুরে প্রায় ১২ ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়, যা নিয়ে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এ বিষয়ে উচ্চ আদালতও তিনটি রুল জারি করে।

পুরনো খবর:

মাইক্রোবাসে ‘ধর্ষক’ দুজন ছিল: র‌্যাব
নৌকায় ধর্ষণের শিকার কর্মজীবী নারী, ২ মাঝি গ্রেপ্তার