নোয়াখালীর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবকের হাত-মুখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে, যিনি দুই দিন আগে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, শুক্রবার সকালে করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামে একটি বাগানে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ গিয়ে হাত-মুখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাশের গ্রাম থেকে মা আলেয়া বেগম ও বোন পারভিন গিয়ে লাশ শনাক্ত করেন বলে জানান ওসি লোকমান।
নিহত মো. সোহেল (২৫) নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর মিজি বাড়ির আবদুল বারেকের ছেলে। তিনি অটোরিকশার ব্যবসা করতেন।
মা আলেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল দুটি অটোরিকশা কিনে ব্যবসা শুরু করেছিলেন। কিছুদিন থেকে আলাউদ্দিন ও ইয়াসিন নামে স্থানীয় দুই ‘সন্ত্রাসী’ তার কাছ থেকে চাঁদা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সোহেল চাটখিলের আটঘর বাজারের একটি গ্যারেজে অটোরিকশা রেখে বাড়ির দিকে রওনা হয়ে আর ফেরেননি বলে জানান তিনি।
“অনেক খোঁজাখঁজির পরে তার সন্ধান না পেয়ে আমরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়রি করি,” বলেন আলেয়া।
নোয়াখালীর চাটখিল থানার ওসি মো. নাসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাশের রামগঞ্জ উপজেলায় সোহেলের লাশ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে, তিনি নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কোনো জিডি হয়েছিল কিনা তা এখন বলতে পারছি না। কাগজপত্র দেখে জানাতে পারব।”
