বুলবুলের মেয়র পদে ফেরার পথ খুলল না
রাজশাহীর বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের মেয়র পদ নিয়ে হাই কোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়ে যাওয়ায় আপাতত তার পদে ফেরা হচ্ছে না।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দেন।
সেইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি শোনার জন্য ১৪ জুন দিন রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বুলবুলকে নাশকতার মামলায় আসামি করে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর গত ৭ মে তাকে রাজশাহীর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।
এরপর বুলবুলের এক আবেদনে গত ২৮ মে হাই কোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের ওই আদেশ স্থগিত করে দেয়।
সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে বিচারক হাই কোর্টের আদেশটি স্থগিত করে নিয়মিত আপিল বেঞ্চে শুনানি করতে বলেন।
মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দুই প্যানেল মেয়রের অনুপস্থিতিতে গত ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার।
বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার সিলেটের মেয়র আরিফুল হকও বরখাস্ত আছেন।
