রাজশাহী মেয়রের দায়িত্বে নিযাম
মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বরখাস্তের পর দুই প্যানেল মেয়রের অনুপস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে রোববার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ২১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নিযাম সাংবাদিকদের বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি চিঠি আমি পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) আমি দায়িত্ব গ্রহণ করব।”
নাশকতার মামলায় আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর গত ৭ মে রাজশাহীর মেয়র, বিএনপি নেতা বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার।
এদিকে সাময়িক বরখাস্তের ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন জানিয়ে বুলবুলের আইনজীবী আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আদেশ এক মাসের জন্য স্থগিত হয়েছে। এ সংক্রান্ত চিঠি আজ (সোমবার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
বুলবুল বরখাস্ত হওয়ার আগেই হরতাল-অবরোধে নাশকতায় মদদ দেওয়ার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ারুল আলমকে গত ২৭ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ।
বুলবুলের মতো এই সিটি করপোরেশনের দুই নম্বর প্যানেল মেয়র নূরুজ্জামানও মামলার আসামি হয়ে পলাতক আছেন।
তবে তিন নম্বর প্যানেল মেয়র হিসেবে রয়েছেন নূরুন্নাহার বেগম। তিনি বিএনপির সমর্থন নিয়ে সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত।
মোসাদ্দেক হোসেন বুলবুল (ফাইল ছবি)
মন্ত্রণালয়ের আদেশ বলা হয়েছে, সাময়িক বরখাস্তের আদেশ পাওয়ার দিন দিনের মধ্যে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের কাছে দায়িত্ব অর্পণের বাধ্যবাধকতা থাকলেও বুলবুল মেয়র প্যানেলের কোনো সদস্যের কাছে দায়িত্বভার হস্তান্তর করেননি।
“এই সিটি করপোরেশনের প্যানেল মেয়রদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত ফৌজদারি মামলায় অভিযোগপত্র রয়েছে এবং তারা সিটি করপোরেশনে উপস্থিত হচ্ছেন না।”
রাজশাহী সিটি করপোরেশনের নাগরিক সেবা অব্যাহত রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজামকে রাজশাহী সিটি করপোরেশনের সকল প্রকার আর্থিক ও প্রশাসসিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার সিলেটের মেয়র আরিফুল হকও বরখাস্ত আছেন।
বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।
