২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’র সদস্য হল বাংলাদেশ

দ্রুত নাগরিক সেবা নিশ্চিতে সব ধরনের ক্যাশ পেমেন্ট ডিজিটালাইজড করার লক্ষ্যে জাতিসংঘের জোট ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’র সদস্য হয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 12:48 AM

Updated : 22 Aug 2022, 12:25 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সে যোগদান ক্যাশপেমেন্টকে ইলেকট্রনিক পেমেন্টে রূপান্তরের ক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ।

“সারাদেশে স্থাপিত পাঁচ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে বৃহত্তর আর্থিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই সমস্ত ডিজিটাল সেন্টার থেকে ইতোমধ্যে প্রতি মাসে প্রায় ৪৫ লাখ মানুষকে ৬০ ধরনের ইলেকট্রনিক সেবা প্রদান করা হচ্ছে।”

‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’র ব্যবস্থাপনা পরিচালক রুথ গুডউইন গ্রোয়েন বলেন, “বাংলাদেশ মোবাইল পেমেন্টের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি অর্জন করেছে। এই জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ অন্যান্য সদস্য রাষ্ট্রের অভিজ্ঞতায় প্রবেশ করেছে এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম সম্প্রসারণে কাজে লাগবে।

“বাংলাদেশে একটি উন্নত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশের নেতৃত্বের সাথে কাজ শুরু করার জন্য অপেক্ষা করছি।”

এটুআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সেবার ফি ইলেকট্রনিকভাবে দেওয়া সম্ভব হলে তা আর্থিক সেবাভুক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে। এ ব্যবস্থায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে দক্ষ ও স্বচ্ছ করে তোলা সম্ভব হবে। 

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব ধরনের ভাতা প্রদান এবং নাগরিকরা সরকারকে যেসব ফি দেন সেগুলো ডিজিটাল পদ্ধতিতে করার জন্য পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকার।

এছাড়া এই কার্যক্রমের আওতায় সব ধরনের রেমিটেন্স এবং ই-কমার্সের জন্য সব ধরনের পেমেন্ট ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ এবং প্রয়োজনীয় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য সরকার কাজ করবে বলে এটুআই’র বিজ্ঞপ্তিতে জানানো হয়।