নড়াইলে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত
নড়াইল শহরে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন, আহত হন আরও পাঁচ জন।
বুধবার দুপুরে নড়াইল-যশোর সড়কের রুপগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মধ্যপল্লী গ্রামের উকিল মিয়া (৪০) ও তার মেয়ে খাদিজা বেগম (২০)।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাধ্যে খাদিজার তিন বছরের মেয়ে ইভা খাতুনও রয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি।
নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে রুপগঞ্জ বাজারে শায়লা হাসপাতালের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-১৮৬৯) বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
