চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুমৃত্যুর ঘটনায় মামলা
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, নিহত শিশুর চাচা মো. সুমন বাদী হয়ে বুধবার সকালে এ মামলা করেন।
“মামলায় অজ্ঞাতপরিচয় ৩/৪ জনকে আসামি করা হয়েছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মোহাম্মদপুর টুনি মুন্সির বাড়ি এলাকায় আসাদুল মিয়া নামের ১১ বছর বয়সী শিশুটি গুলিতে নিহত হয়।
আসাদুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মোখতার মিয়ার ছেলে। সে চট্টগ্রামে তার চাচার বাসায় বেড়াতে এসেছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম জানান, রাতে দুই সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় দেলোয়ার শেখের এলুমিনিয়ামের তৈজসপত্রের দোকানের সামনে আসে। পাশের এক দোকান থেকে মোমবাতি কিনে ওই পথ দিয়েই চাচার বাসায় ফিরছিল আসাদ।
“সন্ত্রাসীরা দেলোয়ার শেখের দিকে গুলি করলে তা আসাদের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঘটনার পর রাতেই দেলোয়ার শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।
