২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর সম্পাদকের ফেইসবুক পাতার স্বীকৃতি

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের পাতাটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

তৌফিক ইমরোজ খালিদীর পাতাটিকে মঙ্গলবার স্বীকৃতি দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। এর নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে তৌফিক ইমরোজের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা ভেসে উঠছে।

এর মধ্য দিয়ে ৩৯ হাজারের বেশি অনুসারীর এই পাতাটিকে বিডিনিউজ টোয়েন্টিফোর সম্পাদকের ‘অফিসিয়াল পেইজ’ হিসাবে চিহ্নিত করল ফেইসবুক কর্তৃপক্ষ।

ফেইসবুকের নোটিসে বলা হয়, কিছু পাতা ও প্রোফাইল সঠিকভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয় এবং এগুলো ‘ভুয়া’ নয় বোঝাতে সেখানে ‘ভেরিফাইড টিক চিহ্ন’ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান সারা বিশ্বের সম্পাদক ও প্রকাশকদের শীর্ষ সম্মেলন ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেসে রয়েছেন তৌফিক ইমরোজ খালিদী, সেখানেই তার নজরে বিষয়টি আসে।

সম্মেলনে অংশ নেওয়ার মধ্যে নিজের ফেইসবুক পাতায় নীল টিক চিহ্ন যখন তিনি প্রথম দেখলেন, তখন প্রকাশক আর্থার ও সালজবার্গার জুনিয়র এবং সহকারী সম্পাদক অ্যালেক্স ম্যাককুলাম নিউ ইয়র্ক টাইমসের উদ্ভাবনী প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন।

তৌফিক ইমরোজ খালিদী বলেন, “তারা দুজনই তখন বলছিলেন, কীভাবে নিউ ইয়র্ক টাইমসের বার্তাকক্ষ বদলে গেল এবং কীভাবে ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্ষেত্রে প্রভাবকের কাজ করল।” 

শীর্ষ সম্পাদক ও প্রকাশকদের তিন দিনের এ বৈশ্বিক সম্মিলনের প্রথম দুই দিন সবাই ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম কীভাবে খবর প্রকাশের দীর্ঘদিনের অভ্যাসে পরিবর্তন নিয়ে এসেছে, তা নিয়েই কথা বলছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক জানান।

সংবাদপত্র ও প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ‘ডব্লিউএএন-আইএফআরএ’র মহাসচিব ল্যারি কিলম্যান তার একটি উপস্থাপনায় বলছিলেন, ইন্টারনেট রাজস্বের ৩১ শতাংশই গুগলের দখলে আর ফেইসবুকের আট শতাংশ।

একজন বক্তা সবাইকে হুঁশিয়ার করে বলেন, সংবাদ সরবরাহকারী প্রথাগত প্রতিষ্ঠানগুলোকে হটিয়ে হয়ত এ স্থানটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোই দখল করে নেবে।

পুরনো খবর:

বিডিনিউজ টোয়েন্টিফোরের ফেইসবুক পাতা এখন স্বীকৃত