বিডিনিউজ টোয়েন্টিফোরের ফেইসবুক পাতা এখন স্বীকৃত
কর্তৃপক্ষের স্বতঃস্ফূর্ত স্বীকৃতি পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতা, যেখানে প্রতিনিয়তই সর্বশেষ সংবাদ ও ছবি তোলা হয়ে থাকে।
সোমবার মধ্যরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতা www.facebook.com/bdnews24 এর নামের পাশে নীল বৃত্তের ভেতরে সাদা টিক চিহ্নটি যুক্ত হতে দেখা যায়। সেখানে মাউস ধরলে লেখা উঠে- ‘ভেরিফাইড’।
এর মধ্য দিয়ে ৪০ লাখ ৩১ হাজারের বেশি অনুসারীর এই পাতাটিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘অফিসিয়াল পেইজ’ হিসাবে চিহ্নিত করল ফেইসবুক কর্তৃপক্ষ।
ফেইসবুকের নোটিসে বলা হয়, কিছু পাতা ও প্রোফাইল সঠিকভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয় এবং এগুলো ‘ভুয়া’ নয় বোঝাতে সেখানে ‘ভেরিফাইড টিক চিহ্ন’ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ বিজনেস অ্যান্ড নিউ মিডিয়া বিভাগের প্রধান রাশেদুল আহসান এক প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতির ফলে পাঠক ও ফ্যানরা খুব সহজেই আমাদের ফেইসবুক পাতাটি চিনতে পারবেন।”
“পাঠকের আগ্রহের কারণেই ৪০ লাখের অধিক লাইক ও স্বীকৃতি পেয়েছে ফেইসবুক পেইজ,” এই উপলক্ষে পাঠকদের ধন্যবাদও জানান তিনি।
ফেইসবুকে ৪০ লাখের বেশি অনুসারী ছাড়াও একক পাঠক সংখ্যার (ইউনিক ভিজিটর) বিবেচনায়ও বাংলাদেশে গণমাধ্যমগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ওয়েবসাইটের তথ্যপ্রদানকারী গুগল অ্যানালিটিকসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ দিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫৯ লাখ ২২ হাজার ইউনিক ভিজিটর ছিলেন। আর এপ্রিলে এই সংখ্যা ছিল ৬২ লাখ ৫ হাজার ২৬৩ জন।
এপ্রিল মাসে পেইজভিউ ছিল ৯ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৮৬৭। অর্থাৎ এপ্রিলে ৯৬৮৯৮৮৬৭টি পাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠকরা খুলেছেন।
একটি ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে ‘একসেস’ করাকে একটি ‘ইউনিক ভিজিট’ হিসেবে ধরা হয়, প্রকাশনা শিল্পে যা মুদ্রিত সংবাদপত্রের প্রচার সংখ্যার সঙ্গে সমতুল্য।
অর্থাৎ একটি ব্রাউজার থেকে এক অথবা একাধিক ব্যক্তি যতবারই কোনো ওয়েবসাইটে ঢোকেন, তা একটি ‘ইউনিক ভিজিট’ হিসেবে ধরা হয়।
সেই হিসেবে ‘ইউনিক ভিজিটের’ ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকের সংখ্যা বাংলাদেশ থেকে মুদ্রিত সব সংবাদপত্রের পাঠকের কয়েকগুণ বেশি।
শুরুটা হয়েছিল ২০০৫ সালে। অন্যান্য বার্তা সংস্থার মতো ‘বিডিনিউজ’ তখন সংবাদ মাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। তবে দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ এ কাজটি করা শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর বদলে যায় এর খোল-নলচে। নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটিকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। নতুন আঙ্গিকে এর পরিচয় হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০০৬ সালের ২৩ অক্টোবরের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ০১ মিনিটে দ্বিভাষিক এই ওয়েবসাইট সব পাঠকের জন্য উন্মুক্ত করা হয়। আর এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র।
