শুল্ক ফাঁকি: বাংলাবান্ধা বন্দর ম্যানেজার রিমান্ডে
শুল্ক ফাঁকির মামলায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার কাজী আল তারেককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন।
বিজিবির সমন্বয়কারী পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রওশন মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আদালতে তারেকের পক্ষে জামিনের আবেদন এবং অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা তারেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান।
উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন না আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৯ মে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রায় ৫৭ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা দুই হাজার ৪০০টি ভারতীয় বাইসাইকেল আটক করা হয়।
পরদিন (২০ মে) বিজিবির সুবেদার মো. আবুল কালাম কাজী আল তারেকসহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পঞ্চগড় থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা রওশন মোস্তফা জানান, আত্মগোপনে থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
স্থলবন্দর সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে বন্দরকেন্দ্রিক প্রভাবশালী ‘সিন্ডিকেট সদস্যরা’ ভারতীয় বাই-সাইকেল, ফলমুলসহ আমদানি করা বিভিন্ন পণ্যে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজেরা কোটিপতি বনে গেছেন।
এ সিন্ডিকেটের সঙ্গে কয়েকজন অসাধু ব্যবসায়ীসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টদের কতিপয় সদস্যও সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান বাবলা বলেন, “আমরা চাই স্বচ্ছভাবে বন্দরটি পরিচালিত হোক। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কিছু লোকের কারণে বন্দরের সুনাম ক্ষুন্ন হচ্ছে।”
