পাসপোর্ট জালিয়াতদের বিচার চান হাজি সেলিম
রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তাকারীদের বিচারের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে তিনি জানান, বাংলাদেশি পরিচয়ে রোহিঙ্গারা মধ্যপ্রাচ্যে গিয়ে আর ফিরছে না। ফলে এবার রোজার মাসে বাংলাদেশিরা ওমরাহ পালনে যেতে পারছেন না।
অনির্ধারিত আলোচনায় হাজি সেলিম আরও বলেন, “যারা এই রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে, তাদের ধরে ধরে নিয়ে এসে বিচার করা উচিত।”
৭০টি এজেন্সির মাধ্যমে ৭০ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গিয়ে আর ফিরে আসেনি বলেও দাবি করেন এই স্বতন্ত্র সাংসদ।
তিনি বলেন, “কিভাবে তারা পাসপোর্ট বানিয়ে, কিভাবে ইমিগ্রেশন পেরিয়ে গেছে? কারা দায়ী? যারা এদের পাসপোর্ট দিয়েছে, আর ওই এজেন্সি।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভারতে দুই বছর অবস্থান করার তথ্য দিয়ে তিনি বলেন, “আমি দুই বছর পার্শ্ববর্তী দেশে ছিলাম। একটা রেশন কার্ড, একটা আইডি কার্ড, একটা পাসপোর্টও বানাতে পারি নাই।”
রোজার মাসে নিজের ওমরাহ করার ইচ্ছা থাকলেও যেতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন সেলিম।
