তিন লেবানিজের আর্থিক তথ্য সংগ্রহে বিএফআইইউ
লেবাননের তিন নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সম্প্রতি বিএফআইইউ থেকে চিঠি দিয়ে মিলিয়াদ ফারাহ (৩৫), হাসান আল হাজ হাসান (২৮) ও হুসেইন আতরিসের (৫১) নামে ব্যাংক হিসাব বা কোন লেনদেন হয়ে থাকলে তথ্য জানাতে বলা হয়।
একই সঙ্গে তাদের কোন লেনদেন চলমান থাকলে তা বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
এই তিন জনই লেবাননের নাগরিক। তবে মিলিয়াদ ফারাহের অষ্ট্রেলিয়া ও হাসান আল হাজ হাসানের কানাডার নাগরিকত্ব রয়েছে।
সন্ত্রাস প্রতিরোধ আইন-২০০৯ অনুযায়ী এসব তথ্য চেয়েছে বিএফআইইউ।
যুক্তরাষ্ট্র সরকার গত ২৮ এপ্রিল এক নির্বাহী আদেশ (আদেশ নম্বর-১৩২২৪) এই তিনজনকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে বিএফআইইউ।
বিএফআইইউর চিঠিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল রেজুলেশন-১৩৭৩ অনুযায়ী আমাদের কাছে এসব তথ্য চেয়েছে। আমরা আশা করছি আপনাদের (ব্যাকগুলোর) পূর্ণ সহযোগিতা পাব।”
