২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

নতুন মেয়রের নির্দেশে বন্দর নগরীতে আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

সোমবার নগরীর ২ নং গেইট মোড়ে সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযানে চারটি বড় বিলবোর্ড ও পাঁচটি মেগাসাইন অপসারণ করা হয়েছে।

এসময় ২৬ হাজার টাকা জরিমানাও করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সিসিসির নির্বাহী হাকিম নাজিয়া শিরিনের নেতৃত্বে ২ নং গেইটের বিপ্লব উদ্যান ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এ বিলবোর্ড অপসারণ করা হয়।

এর আগে ২২ এপ্রিল নির্বাচন কমিশনের নির্দেশে এবং গত ১৯ জানুয়ারি স্ব উদ্যোগে শেষবার নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছিল সিটি করপোরেশন।

গত মে মাসের মাঝামাঝি সিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ওই ঘোষণায় ৩১ মে পর্যন্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর সোমবার থেকে অভিযান শুরু হল।

সোমবার সকাল এগারটার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শনে নগরীর দুই নম্বর গেইট এলাকায় যান মেয়র আ জ ম নাছির। তখন বিলবোর্ড মালিকরা তাদের বিলবোর্ডের ‘বৈধতার’ কিছু কাগজপত্র মেয়রকে দেখান।

এসময় আ জ ম নাছির বলেন, “যে কাগজপত্র আপনার দেখাচ্ছেন সিটি করপোরেশনের নথিতে এসবের কোনো উল্লেখ নেই।”

মেয়র সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম শহরে কোনো ধরনের অবৈধ বিলবোর্ড থাকবে না। সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করে নগরীর সৌন্দর্য পুনরুদ্ধার করা হবে।

উচ্ছেদ করা একটি বিলবোর্ডের মালিক বিজ্ঞাপনী সংস্থা এড কেয়ারের মালিক এমরান হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রয়োজনীয় সব কাগজপত্র সিটি করপোরেশনে আছে। তারপরও অবৈধ দেখিয়ে বিলবোর্ডটি উচ্ছেদ করা হয়েছে।”

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে চারটি বড় বিলবোর্ড ও পাঁচটি মেগাসাইন অপসারণ করা হয়েছ। এ অভিযান অব্যাহত থাকবে।

সিসিসির হিসেব অনুযায়ী, নগরীতে মোট ৬ হাজার ৪৮৫টি বিলবোর্ড রয়েছে তার মধ্যে অবৈধ ৪২২টি।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডলের উদ্যোগে অবৈধ বিলবোর্ড অপসারণে যৌথ অভিযান শুরু করে সিসিসি ও সিএমপি। ওই অভিযান চলে ৬ ডিসম্বর পর্যন্ত।

এরপর চলতি বছরের জানুয়ারি মাসে মোট পাঁচদিন বিলবোর্ড উচ্ছেদের অভিযান চালায় সিসিসি ও সিএমপি।