২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলিংয়ে ধস: সড়ক খুলে দিতে মেয়রের নির্দেশ

পাইলিংয়ে ধস দেখা দেওয়ার পর বন্ধ রাজধানীর পান্থপথ সংলগ্ন সি আর দত্ত সড়ক পাঁচ দিন পর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

সোমবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, “দুর্ঘটনার পর থেকে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনসাধারণের কষ্ট হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, আজ (সোমবার) বিকালের মধ্যে এই সড়ক যানচলাচলের উপযোগী করে তুলবেন।”

ন্যাশনাল ব্যাংকের টুইন টাওয়ার নির্মাণের জন্য সুন্দরবন হোটেল সংলগ্ন ওই জমিতে পাইলিংয়ের সময় গত বুধবার ধস দেখা দেয়। এতে সুন্দরবন হোটেল ঝুঁকির মধ্যে পড়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন থেকে সি আর দত্ত সড়কে যান চলাচলও বন্ধ।

ধসের কারণে পান্থপথ সড়কের দক্ষিণ অংশের সড়কেও যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে রোববার তা খুলে দেওয়া হয়।

রোববার সন্ধ্যার পর ওই জমির পশ্চিম পাশেও ধস দেখা দিলে একটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সকালে ঘটনাস্থল ঘুরে দেখতে যান মেয়র খোকন।

পশ্চিম অংশে ধসের পরও পান্থপথ সড়কের দক্ষিণ অংশে যান চলাচল বন্ধ করা হয়নি। তবে সিআর দত্ত সড়কে বালি থাকায় হাতিরপুলমুখী ওই সড়ক দিয়ে যান চলাচল করতে পারছিল না।

সোমবার সকালে মেয়রের নির্দেশের পর ওই সড়কের বালু সরানো শুরু হয়। ধস ঠেকাতে প্রচুর বালুর বস্তা ফেলা হয়েছিল সড়কের নিচে। 

ওই জমিতে পাইলিং কাজে যুক্ত এম এম এন্টারপ্রাইজের ঠিকাদার মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিকালের মধ্যে সড়কটি যানচলাচল উপযোগী করতে তারা কাজ করছেন।

পুরনো খবর:

রাজউকের ‘গাফিলতি’, নির্মাতাদের ‘অনিয়ম’
ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেয়রের