শবে বরাতে নিষিদ্ধ আতশবাজি
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীতে আতশবাজিসহ ক্ষতিকারক ও দূষণীয় যে কোনো দ্রব্য বহন-ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এসএম জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।
“এ সময়ে মহানগর এলাকায় ক্ষার জাতীয় বা কোনো বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষনীয় দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
শবে বরাতের ‘পবিত্রতা’ রক্ষায় মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে ১৯ মে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে ১৪৩৬ হিজরির শাবান মাস গণনা শুরু হয়।
শাবান মাসের পঞ্চদশ রাতে শবে বরাত পালিত হয়। এ মাসের চাঁদ দেখা যাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ২ জুন রাতে শবে বরাত পালনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগি করে থাকেন। ফলে পরদিন ৩ জুন সারাদেশে সরকারি ছুটি থাকবে।
