২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ড

মেঘনা নদীতে দুই শতাধিক যাত্রীবাহী ঢাকামুখী একটি লঞ্চের কেবিনে আগ্নিকাণ্ড ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 02:34 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

আগুনে কেউ হতাহত না হলেও লঞ্চটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরলগ্নিমারা এলাকায় ‘এমভি তুতুল’ নামের ওই লঞ্চটিতে এঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশের পরিদর্শক মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ১০টার দিকে ‘এমভি তুতুল’ ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায়। লঞ্চটি চরলগ্নিমারা এলাকায় হঠাৎ তৃতীয় তলার ১৩ নাম্বার ডাবল কেবিনে আগুন ধরে যায়।

“কেবিনে থাকা এক যাত্রী দ্রুত বেরিয়ে আসেন। ওই সময় ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনার তরী লঞ্চ আগুন নিয়ন্ত্রণ আনতে সহায়তা করে।”

ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে চাঁদপুর লঞ্চঘাটে ফিরিয়ে আনা হয়েছে এবং এর যাত্রীদের এমভি বোগদাদীয়া নামে আরেকটি লঞ্চে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান আবুল হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে লঞ্চের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।