২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই ‘বনদস্যু’ গ্রেপ্তার

বাগেরহাটের সুন্দরবনে স্থানীয় এক বনদস্যু বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব ও কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 12:45 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

এরা হলেন- মংলা উপজেলার দিগরাজ এলাকার ইসহাক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) এবং সেকেন্দার হোসেনের ছেলে রবিউল শেখ (২২)।

মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন নয়ন জানান, সোমবার ভোররাতের দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি শটগান, একটি এসএমজি, দুটি বন্দুক এবং শটগানের ৭৬টি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

“গ্রেপ্তার দুজন সুন্দরবনের ‘মাইঝ্যা বাহিনীর’ সদস্য। দীর্ঘদিন ধরে এ বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।”

ওই বাহিনীর সদস্যরা রোববার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য করমজল এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব-৬ এবং কোস্ট গার্ডের একটি দল সেখানে যায়।

এরপর সোমবার ভোর ৬টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন ও রবিউলকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে সকালে তাদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয় বলে লেফটেন্যান্ট কমান্ডার নয়ন জানান।