দুদকের মামলায় সাক্ষীকে আসামি করতে আদালতের নির্দেশ
অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় এক সাক্ষীকে আসামি করতে জজ আদালতকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সাবেক বিএনপি সাংসদ হাফিজ ইব্রাহীমের স্ত্রী মাফরুজা সুলতানার করা একটি আপিলের আবেদন নিষ্পত্তি করে দেওয়া রায়ে এই নির্দেশ আসে।
ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মূল মামলায় এই সাক্ষী হলেন জুলফিকার আলী। তার সঙ্গে স্ত্রী রহিমা আলীরও এখন আসামি হিসেবে বিচার হবে।
এই মামলায় জুলফিকার আলী ও রহিমার ব্যাংক হিসাব থেকে সিঙ্গাপুরে হাফিজ ইব্রাহীমের ব্যাংক হিসাবে দুর্নীতির অর্থ স্থানান্তর হয়েছে বলে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উঠে এসেছে।
তবে আর কোনো সাক্ষী না থাকায় মামলাটি প্রমাণের স্বার্থে জুলফিকারকে আসামি না করে সাক্ষী করা হয় বলে তদন্ত কর্মকর্তা যুক্তি দেখিয়েছিলেন, যা সর্বোচ্চ আদালতে টেকেনি।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ১২ এপ্রিল মাফরুজা সুলতানার করা আপিলের আবেদন নিষ্পত্তি করে রায় দেয়। রায়টি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিলের আবেদনকারীর পক্ষে ছিলেন টি এইচ খান ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগে রায়ে বলেছে, জুলফিকার আলী ও তার স্ত্রী রহিমা আলীর বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধের উপাদান আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে বিশেষ জজ আদালতকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।”
২০১১ সালের ১৬ অগাস্ট দুদক হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচারের মামলাটি করে। তাদের বিরুদ্ধে পরের বছরের ১২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচারিক আদালত অভিযোগ আমলে নিলে তার বিরুদ্ধে মাফরুজা আবেদন করেছিলেন, কিন্তু তা খারিজ হয়ে যায়।
এরপর মাফরুজা হাই কোর্টে রিভিশন আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল দেয়। চূড়ান্ত শুনানির পর ২০১৩ সালের ২ জুন হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চে পাঠান।
গত বছরের ২০ ফেব্রুয়ারি এই বেঞ্চ পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করে দেয়।
পর্যবেক্ষণে বলা হয়, “মামলার এজাহার ও অভিযোপত্র পর্যালোচনা করে দেখা যায় জুলফিকার আলী ও তার স্ত্রী রহিমা আলীর যৌথ অ্যাকাউন্ট থেকে হাফিজ দম্পত্তির সিঙ্গাপুরের অ্যাকাউন্টে অবৈধ উদ্দেশ্যে অর্থ হস্তান্তর হয়েছে। তবে জুলফিকার ও তার স্ত্রীকে এই মামলায় অভিযুক্ত করা হয়নি। যদিও অভিযোগপত্রে সাক্ষী হিসেবে জুলফিকার আলীর নাম উল্লেখ রয়েছে। এই মামলায় কেন জুলফিকার দম্পত্তিকে অভিযুক্ত করা হয়নি সেটি অবাক লেগেছে।”
জুলফিকার দম্পতির অপরাধের উপাদান থাকায় আইন অনুযায়ী দুদককে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেয় হাই কোর্ট।
এরপর গত বছরের সেপ্টেম্বরে দুদক ঢাকার বিশেষ জজ আদালত-৩ একটি প্রতিবেদন দাখিল করে।
এতে বলা হয়, বাংলাদেশে সিমেন্সের এজেন্ট জুলফিকার আলী কোম্পানির জন্য একটি কাজ পেতে তার হিসাব থেকে হাফিজ ইব্রাহীমের সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার স্থানান্তর করেন। এ বিষয়ে আলী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জুলফিকারের মাধ্যমে ওই অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করেই তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে বলেন, তবে তাকে আসামি হিসেবে তালিকাভুক্ত করা হলে বিচারিক আদালতে আলামত উপস্থাপন ও মামলাটি প্রমাণের মতো আর কোনো সাক্ষী থাকবে না।
“মামলা প্রমাণের স্বার্থে অন্য কোনো বিকল্প পথ খোলা না থাকায় জুলফিকারকে সাক্ষী করা হয়। জুলফিকারকে আসামি করা হলে বিচারিক আদালতে মামলাটি প্রমাণ করা দুরূহ হবে। এজন্য তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে।”
এরপর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে মাফরুজা, যা ১২ এপ্রিল নিষ্পত্তি হল; সেইসঙ্গে জুলফিকার দম্পতিকে আসামি করার আদেশও এল।
