ওসি হেলাল কারাগারে, ‘শান্তি’ কাদেরের
বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে অন্যায়ভাবে যার হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন সেই পুলিশ কর্মকর্তা হেলালউদ্দিন তার জন্য শাস্তি ভোগ করতে শুরু করায় শান্তি বোধ করেছেন বলে জানিয়েছেন আবদুল কাদের।
রাজধানীর খিলগাঁও থানার সাবেক ওসি হেলালকে রোববার কারাগারে নেওয়ার পর তিনি বলেন, তাকে নির্যাতনের জন্য আদালত ওসি হেলালকে কারাদণ্ড দেওয়ার পরও খুশি হয়েছিলেন।
“তবে সব সময় শঙ্কায় ছিলাম। মনে মনে ভাবতাম, ন্যায়বিচার পেয়েছি কিন্তু ওসি হেলাল তো পলাতক। তারতো (ওসির) অনেক টাকা। সে যদি বিদেশে গিয়ে আয়েশি জীবনযাপন করে তাহলে লাভ কী? আমাকে এমনভাবে নির্যাতন করেছে! তাকে তো জেলে থেকে সেই অপকর্মের প্রায়শ্চিত্ত করতে হবে।”
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তৎকালীন ছাত্র কাদেরকে আটকের পর তাকে ছিনতাইকারী হিসেবে দেখানোর জন্য থানায় নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন ওসি হেলাল। কিন্তু স্বীকারোক্তি না পেয়ে চাপাতি দিয়ে তার পায়ে আঘাত করেন।
ওই মামলার রায়ে গত ১৭ মে হেলালকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়, এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস জেল খাটতে হবে।
ওই ঘটনার কারণে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়া হেলাল রায়ের দিন আদালতে হাজির ছিলেন না। তিনি আইনজীবীর মাধ্যমে পেটের পীড়ার কথা বলে রায় পেছানোর আবেদন পাঠালে বিচারক তা নাকচ করে সেদিনই রায় ঘোষণা করেন।
ফাইল ছবি
ফাইল ছবি
দুপুরে আইনজীবীর মাধ্যমে ওসি হেলালকে কারাগারে পাঠানোর খবর পান বলে জানান বর্তমানে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক কাদের।
“সত্যিই খবরটি শুনে এত ভাল লেগেছে যে ভাষায় বলা যাবে না। এর চেয়ে বেশি খুশি হওয়া যায় না,” বলেন তিনি।
ওসি হেলালের বিরুদ্ধে মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ জুলাই খালার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফেরার পথে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে সাদা পোশাকের পুলিশ কাদেরকে আটক করে। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে পরিচয় দেওয়ার পরও তাকে নিয়ে যাওয়া হয় খিলগাঁও থানায়।
ওই থানার তখনকার ওসি হেলাল তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর করেন। এক পর্যায়ে থানার টেবিলে রাখা একটি চাপাতি নিয়ে ‘দেখি তো চাপাতিতে ধার আছে কি না’ বলে কাদেরের বাঁ পায়ের পেছন দিকে মাংশ পেশিতে আঘাত করেন।
গুরুতর আহত কাদেরকে এরপর দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়। পরে পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে লেখাপড়ায় ফিরে বিসিএস দিয়ে সরকারি কলেজের শিক্ষক হন তিনি।
