২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলে তেল-গ্যাস অনুসন্ধান কাজ বিদেশিদের না দেওয়ার আহ্বান

বিদেশি কোম্পানি দিয়ে স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান দেশের জন্য ‘আত্মঘাতী’ হবে মন্তব্য করে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

একইসঙ্গে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে বিদেশি কোম্পানির উপর নির্ভরতা কমানোর আহ্বানও জানিয়েছেন তারা।

‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনে সভায় তারা এই আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, “বিদেশি কোম্পানির মাধ্যমে বাংলাদেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান দেশের জন্য আত্মঘাতী। তাই সরকারকে এই উদ্যোগ থেকে সরে আসতে হবে।

“একইসঙ্গে দেশের জাতীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে বিদেশি কোম্পানির উপর নির্ভরতা কমাতে হবে।”

লিখিত বক্তব্যে এই ভূতত্ত্ববিদ বলেন, “বিদেশি কোম্পানির মাধ্যমে তেল, গ্যাস অনুসন্ধান চালালে প্রাপ্ত গ্যাসের অর্ধেকের বেশি বিদেশি কোম্পানির হস্তগত হয়। কাজেই বাপেক্সকে রেখে বিদেশি কোম্পানিকে দিয়ে অনুসন্ধান চালানো অযৌক্তিক। দক্ষ জনবল ও কাজের পরিধি বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে বাপেক্সের কর্মপরিধি বাড়াতে হবে।”

এরই মধ্যে বিদেশি কোম্পানি গ্যাস খাতে ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা’ করেছে মন্তব্য করে তিনি বলেন, “২০০০ সালের পর থেকে বিদেশি কোম্পানির মাধ্যমে গ্যাস উত্তোলন বৃদ্ধি পাচ্ছে। দেশের গ্যাস সেক্টরের ৪৩ শতাংশ দেশি এবং ৫৩ শতাংশই বিদেশি কোম্পানির মাধ্যমে উত্তোলন করা হচ্ছে।

“এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশের গ্যাসক্ষেত্রে বিদেশি কোম্পানির একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।”

বাপেক্সকে শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, “নব্বইয়ের দশকে বাপেক্সে দক্ষ জনবল দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা হত। কিন্তু ক্রমশ এটিকে দুর্বল ও কোণঠাসা করা হয়েছে। দেশীয় সক্ষমতা থাকা সত্ত্বেও পরনির্ভরতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

“কাজেই বাপেক্সকে শক্তিশালী না করে বিদেশি কোম্পানিকে তেল-গ্যাস অনুসন্ধানের আহ্বান সরকারের স্ববিরোধিতা। দেশবিরোধী বিশেষ মহলের চক্রান্ত থেকে সরকারকে সরে আসতেই হবে।”

স্থলে তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব বিদেশিদের দেওয়ার বিরোধিতা করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শামসুল আলম বলেন, “দেশের জ্বালানি নিরাপত্তার একমাত্র পথ বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। বিদেশি কোম্পানির কাছে দেশের সম্পদ তুলে দেওয়া যায় না। যে কোনো মূল্যেই এটিকে প্রতিরোধ করতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “বিদেশি কোম্পানিকে দিয়ে তেল-গ্যাস ব্লকে অনুসন্ধান কোনোভাবেই যৌক্তিক নয়। সরকারের বিন্দুমাত্র দেশপ্রেম থাকলে চুক্তির এই উদ্যোগ থেকে সরে আসবে। যে কোনো দেশপ্রেমী মানুষকে সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “দেশে পুঁজি ও সক্ষমতার অভাবের কথা বলে বিদেশি কোম্পানিকে বৈধতা দেওয়া হচ্ছে। সক্ষমতা আকাশ থেকে পড়ে না, সক্ষমতা তৈরি করতে হয়।”

স্বাধীনতার ৪৩ বছর পর এক্ষেত্রে সক্ষমতা অর্জন না করাকে জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব।

“সক্ষমতা অর্জন না করলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভিত্তি কোথায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে কী করছে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে?”

দেশে-বিদেশে বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ রয়েছে জানিয়ে তাদের কাজে লাগিয়ে সক্ষমতা অর্জনের তাগাদা দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চলনায় সভায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শফিকুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান বক্তব্য দেন।