২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষকদের এক ঘণ্টার কর্মবিরতি

প্রস্তাবিত বেতন কাঠামোকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবিতে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

শিক্ষক সমিতির আহ্বানে রোববার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে এই কর্মসূচি শুরু করেন তারা।

আগামী সোম ও মঙ্গলবারও একই কর্মসূচি চলবে বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

টানা তিন দিনের এ কর্মসূচি শেষে আন্দোলনকারী শিক্ষকরা আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিজীবী চত্বরে’ অবস্থান কর্মসূচি পালন করবে।

সরকার প্রস্তাবিত বেতন কাঠামো ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে আপত্তি জানিয়ে আসছেন। চট্টগ্রামের মতো ঢাকাসহ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নানা কর্মসূচি পালন করছেন।

খসরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দুই ধাপ নামিয়ে আনার এবং ‘টাইম স্কেল’ ও ‘সিলেকশন গ্রেড’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

“এ সুপারিশগুলোকে অযৌক্তিক মনে করায় প্রস্তাবিত বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আমরা আন্দোলন করে আসছি।”

এই শিক্ষক নেতা বলেন, “সিদ্ধান্ত অনুসারে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত আমরা কোনো ক্লাস নিইনি এবং কোনো প্রশাসনিক কাজও করা হয়নি।”

কর্মবিরতির আগে গত ২৮ ও ২৫ মে শিক্ষক সমিতি মানববন্ধন করেছিল।