২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে মান থাকছে না: মুস্তফা কামাল

দেশের সড়ক উন্নয়নের তদারকিতে মন্ত্রী ওবায়দুল কাদের সারা বছর দৌড়ঝাঁপ করলেও কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:51 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ‘প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদন’ উপস্থাপন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক নির্মাণের কাজে মান বজায় থাকছে না। রাস্তা নির্মাণে প্রকৌশলীরা ‘নিয়ম না মানায়’ অল্প সময়ের মধ্যে সড়ক ভেঙে যাচ্ছে।

“এক লাখ কোটি টাকার এডিপি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের চেহারা বদলে যাবে। কিন্তু তা হচ্ছে না।”

পরিকল্পনা মন্ত্রী বলেন, “একটি রাস্তা তৈরির আগে ওই রাস্তার নিচে পানি থাকতে পারবে না। আবার পানি যেন জমতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তা তৈরির কিছুদিন পর ভেঙে যাচ্ছে। নিয়ম কানুন না মেনে কাজ করার কারণেই এমনটা হচ্ছে।”

পিচের রাস্তার বদলে ভবিষ্যতে কংক্রিটের সড়ক নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) চলমান ২৪টি প্রকল্পের উপর একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে।

আইলায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের পর্যবেক্ষণে বলা হয়, ওই প্রকল্পের অধীনে নির্মিত সড়কের উপরের অংশ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে।

ওই সড়কে ‘অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহার করতে দেখা গেছে’ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

“এমনকি খুলনার ডুমুরিয়ার একটি সড়ক নির্মাণে ডাব্লিউবিএম স্তরে কমপ্যাকশনের জন্য ১০ টনের পরিবর্তে মাত্র ৪টন রোলার ব্যবহার করতে দেখা গেছে। এভাবেই দেশে নিম্নমানের সড়ক নির্মাণ হচ্ছে।”

আইএমইডি’র সচিব শহীদ উল্লাহ খন্দকার অনুষ্ঠানে বলেন, “বছরের প্রথম ভাগে রাজনৈতিক অস্থিরতায় এডিপি বাস্তবায়নে তেমন কোনো প্রভাব পড়েনি। কোনো কোনো ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন এগিয়েছে।”

সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম বলেন, “বাজার অর্থনীতির মূল কথা হচ্ছে, ব্যক্তি উদ্যোগে যা করতে পারবে সেখানে সরকারের করার দরকার নেই। তবে ব্যক্তি উদ্যোগ বাড়াতে অবকাঠামো  ‍সুবিধা নিশ্চিত করতে সরকারি বিনিয়োগ দরকার।”

এভাবে সরকারের অর্থের অপচয় কমিয়ে আনা যায় বলে মন্তব্য করেন তিনি।

শামসুল আলম বলেন, আইএমইডির যে মূল্যায়ন, সেগুলো মন্ত্রণালয় ও বিভাগগুলো কতটুকু মেনে চলছে তারও মূল্যায়ন হওয়া উচিৎ।