শ্রমিক লীগ নেতা আটক হওয়ায় ভোলায় থানায় হামলা
শ্রমিক লীগের এক নেতাকে আটকের জেরে ভোলার চরফ্যাশনে থানায় হামলা চালিয়েছে তার সমর্থক ও স্বজনরা।
রোববার সকালে এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে থানার সহকারী উপ পরিদর্শক বেলাল হোসেন জানান।
থানায় হামলার পর ওই শ্রমিক লীগ নেতার সমর্থকরা সড়ক অবরোধ করলে চরফ্যাশন-ভোলা-চট্রগ্রাম রুটে ঘণ্টাখানেক বাস চলাচল বন্ধ থাকে।
এস আই বেলাল জানান, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম বাতান, তার শ্যালক ফারুক, সাইদ,ভাতিজা মঞ্জু বাতান ও শরীফকে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে চরফ্যাশন থানার ওসি আবুল বাশার জানান।
এসআই বেলাল বলেন, “আটকের জের ধরে রোববার সকালে কাশেম বাতানের বড়ভাই কাজল বাতানের নেতৃত্বে তাদের সমর্থকরা মিছিল করে থানায় হামলা চালায়।”
এ সময় সংঘর্ষে ১০ পুলিশসহ ২০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলাকারীরা পরে চরফ্যাশন সদর রোডের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে চরফ্যাশন-ভোলা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
লালমোহন, চরফ্যাশন, দক্ষিণ আইচা ও শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঘণ্টাখানেক পর আবার বাস চলাচল শুরু হয় বলে এসআই বেলাল জানান।
আহতদের মধ্যে কাশেমের বড়ভাই জিন্নাগড়ের ইউপি সদস্য কাজল বাতানকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক পাঁচজনসহ ৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
