২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবন্ধী’ ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

কুমিল্লার বরুড়া উপজেলায় এক নারী নিজের ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 02:18 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

নিহত জসিম উদ্দিন (৩৫) উপজেলার ঝানোরা গ্রামের জাহানারা বেগমের (৫৫) ছেলে।

বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, রোববার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, ‘মানসিকভাবে প্রতিবন্ধী’ জসিম প্রায়ই তার মাকে মারধর করতেন। শনিবার রাতে মায়ের হামলায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর এলাকাবাসী জাহানারাকে তার বাড়িতেই বেঁধে রেখেছে। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে জাহানারা ‘নিজ হাতে ছেলেকে হত্যার’ কথা স্বীকার করেন।

প্রতিবেশীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম উদ্দিন মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। মাঝে মাঝে তার এই সমস্যা দেখা দিত। অন্য সময় সুস্থ থাকলে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন।

তারা জানান, মানসিক বিকারগ্রস্ত হয়ে প্রায়ই মাকে মারধর করতেন জসিম। শনিবার মধ্যরাতে জসিমের চিৎকার শুনে তাদের বাসায় গিয়ে দেখেন রক্তাক্ত দা হাতে নিয়ে তার মা জাহানারা দাঁড়িয়ে আছেন।

ওসি নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত জসিমের স্ত্রী সামছুন্নাহার সকালের দিকে থানায় এসেছেন। তিনি জানিয়েছেন, তার শ্বাশুড়িই তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” 

ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জাহানারার এক ছেলে তিন মেয়ের মধ্যে জসিম উদ্দিন সবার বড় ছিলেন। জসিমের তিনটি সন্তান রয়েছে।