২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনভূমি দখল ঠেকাতে টাস্কফোর্স

অবৈধভাবে বনভূমি দখল, বনজ সম্পদের অবৈধ পাচার এবং বন্যপ্রাণী নিধন রোধে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2015, 12:57 AM

Updated : 22 Aug 2022, 12:22 PM

পরিবেশ ও বন মন্ত্রীকে সভাপতি করে বৃহস্পতিবার ১৮ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কমিটি বনভূমি দখলরোধ, বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধ সম্পর্কিত বিষয়গুলো সমন্বয় করবে।

বনজ সম্পদ পাচার সম্পর্কিত যাবতীয় বন আইন/বন্য প্রাণী সংরক্ষণ আইন ছাড়াও সংশ্লিষ্ট অন্য আইনের সংশোধন, পরিবর্তন এবং পরিবর্ধন করতে বলা হয়েছে এই কমিটিকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রবণ এলাকা/অধিক পরিমাণে পাচারকৃত বনজ সম্পদ ও বন্যপ্রাণী নির্ধারণ এবং প্রতিরোধকল্পে সিদ্ধান্ত নেবে এই টাস্কফোর্স।

এছাড়াও বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধকল্পে যাবতীয় গোয়েন্দা নেটওয়ার্কের উন্নতি, পরিবর্তন, পরিবর্ধন সম্পর্কিত নীতিমালা প্রণয়নে কাজ করবে।

তিন মাস পর পর সভা এবং বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধে বিভাগীয় ও জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে এই কমিটিকে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টাস্কফোর্সের সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের ডিজি, বাংলাদেশ কোস্ট গার্ডের ডিজি, আনসার ভিডিপির ডিজি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রধান বন সংরক্ষক।