২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর ‘দালালকে’ পেয়ে মারধর বিদেশ ফেরতের

রাজধানীর উত্তরায় এক স্বজনকে সঙ্গে নিয়ে এক দম্পতি মারধর করেছেন এক ব্যক্তিকে, যিনি তাদের একজনকে চাকরির কথা বলে দুবাইয়ে পাঠিয়ে প্রতারণা করেছিলেন বলে অভিযোগ করেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 12:22 PM

তবে এ বিষয়ে স্পষ্ট কোন কথা বলেনি পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিন সড়কে মারধরের ঘটনার পর তিন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা দুই নারীকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ।

ওই থানার ডিউটি অফিসার সুলাইমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারামারির অভিযোগে আরমান হোসেন, সোহাগ ও শান্ত নামে তিনজনকে ধরে এনেছে। তাদের সাথে দুজন নারী আছে, তবে তাদের নাম এন্ট্রি করা নেই।

“খগেন্দ্র স্যার কিছু এন্ট্রি করে যাননি বলে কে বাদী আর কে বিবাদী এটা আমরা বুঝতে পারছি না।”

এ বিষয়ে জানতে এসআই খগেন্দ্রকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ছেলেকে বিদেশে পাঠানো নিয়ে মারামারি করায় লোকজন জড়ো হয়েছিল বলে আমরা তাদের ধরে এনেছি।”

কে কাকে মেরেছিল বা কে কাকে বিদেশ পাঠিয়েছিল তা জানতে চাইলে তিনি বলেন, “এটা জানা আমার কাজ না। পরে কিছু হলে দেখা যাবে।”

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের সমন্বয়কারী আইরিন সুলতানা জানান, পাঁচ বছর আগে চাকরির প্রলোভোন দেখিয়ে এক ব্যক্তিকে দুবাই পাঠান মারধরের শিকার ব্যক্তি। এজন্য তিনি ওই ব্যক্তির কাছ পাঁচ লাখ টাকা নিয়েছিলেন বলে হামলাকারী জানিয়েছেন।

“চাকরির কথা বলে পাঠালেও দুবাই গিয়ে জানতে পারি আমার কাজ করার কোনো পারমিটই নেই। এ অবস্থায় পাঁচ বছর সেখানে অবৈধভাবে থেকে সম্প্রতি বাংলাদেশে ফিরেছি,” ঘটনার সময় আইরিনকে বলেন তিনি।

বৃহস্পতিবার রাতে জসিমউদ্দিন রোডে একটি খাবারের দোকানে ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি তাকে ধরেন বলে জানান।

ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকজন জড়ো হয়ে যায়। ‘প্রতারণার’ কথা জানতে পেরে উপস্থিত অনেকেও মারধরে অংশ নেয়।

পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষকেই থানায় নিয়ে যায় বলে জানান আইরিন সুলতানা। 

হামলাকারীর স্ত্রী আইরিনকে বলেন, “পাঁচ বছর থেকে তাকে খুঁজছি। আমার স্বামীকে দুবাই পাঠানোর পরে তিনি জানতে পারেন, তিনি যে ভিসা পেয়েছেন সেটি ঘুরতে যাওয়ার  (ট্যুরিস্ট) ভিসা। এরপর সেখানে অনেক কষ্ট করে কয়েকদিন আগে দেশে ফিরেছেন।”   

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার এসআই খগেন্দ্র কুমার প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চান। ঘটনার একটি ভিডিওচিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আছে জানালে তিনি বিষয়টি স্বীকার করেন, তবে কারও নাম তিনি বলেননি।

উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, “মারামারির জন্য কয়েকজনকে আনা হয়েছে।”