বিটি বেগুনের বিরোধিতাকারীরা মতলববাজ: মতিয়া
বাংলাদেশে বিটি বেগুনের চাষের বিরোধিতা যারা করছেন, তাদের ‘মতলববাজ’ অথবা ‘মূর্খ’ বলেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “৬০ এর দশক থেকে সয়াবিন চলছে। এটা পুরোটাই জিএমও। অথচ যেই আমরা বিটি বেগুন আনলাম, গেল গেল সব গেল! এই যে কথা হয় মতলববাজি, না হয় মূর্খতা।”
“শক্ত কথা বললাম, কিন্তু দায়িত্ব নিয়ে বললাম,” বক্তব্যে নিজেই বলেন কৃষিমন্ত্রী।
পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের বিরোধিতার মধ্যেই বাংলাদেশ সরকার জিএমও বা জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম হিসেবে বিটি বেগুনের চারটি জাত চাষাবাদের অনুমতি দেয়।
বিরোধিতাকারীদের যুক্তি, ভারত ও ফিলিপাইনে এই বেগুন নিয়ে গবেষণা হলেও পরিবেশ ও মানবদেহের জন্য সুদূরপ্রসারী ঝুঁকি থাকায় তারাসহ অনেক দেশই সবজিটি চাষের অনুমতি দেয়নি। বাংলাদেশেও তারা করা ঠিক হবে না।
মতিয়া বলেন, “আমরা তো কোনও লুকাছাপা করি নাই। বায়োসেফটি রুল পুঙ্খনাপুঙ্খ দেখেছি। আমরা কি অন্যায় করতেছি। সয়াবিন তেল খেয়ে জেনারেশন আফটার জেনারেশন..। সয়াবিন নিয়া আপত্তি করেন না, ক্যানোলা নিয়ে আপত্তি করেন না। যত কথা বেগুনের বেলায়!
“এই বেগুন খেয়ে মানুষ মারা গেছে এই স্টোরি তো কোথাও দেখলাম না। হ্যাঁ, আমি এখন বললাম তো, কাগজে স্টোরি আসিলেও আসিতে পারে।”
বাংলাদেশে প্রায় ৩০ প্রজাতির বেগুন রয়েছে। এর একটি প্রজাতির বেগুনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যাসিলাস থারিনয়েনসিস নামের একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিয়ে বিটি বেগুন করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের (বারি) তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে বারি আমেরিকার সহায়তায় ডগা-ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী বিটি বেগুনের উপর গবেষণা শুরু হয়।
দেশীয় বেগুনে ডগা-ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী জিন ঢুকিয়ে বিটি বেগুনের ৯টি জাত উদ্ভাবন করা হয়। তা উন্নত দেশের ১০টিরও বেশি পরীক্ষাগারে মাছ, মুরগি, ছাগল, খরগোস, ইঁদুর ও মহিষসহ বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা চালানো হয়।
এতে প্রাণীদের উপর ক্ষতিকর কোনো প্রভাব দেখা যায়নি বলে জানিয়েছে বারি। পোকা প্রতিরোধী জিন থাকায় বিটি বেগুন চাষের সময় কীটনাশক লাগে না বলেও জানায় তারা।
হাইব্রিড ফসল নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে মতিয়া বলেন, “হাইব্রিড নিয়ে বলা হল ‘হেলথ হ্যাজার্ড’। কোথায় হেলথ হ্যাজার্ড? মানুষের আয়ু তো বাড়ছে। কোথায় হ্যাজার্ড?”
পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, উত্তরের বন্যামুক্ত উঁচু জমি শিল্পায়নে যাবে। আর কৃষির জন্য দক্ষিণে উদ্যোগ নেওয়া হচ্ছে।
নেদারল্যান্ডস থেকে লবণসহিষ্ণু আলুর বীজ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কৃষি উন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে সাবেক বাম নেতা মতিয়া বলেন, “এখন মুক্তবাজার অর্থনীতি। এর সঙ্গে যুদ্ধের পণ্ডশ্রম করার ইচ্ছা নেই। আর জমি ব্যক্তি মালিকানায়। কৃষকের জমিতে কি সরকার বলতে পারে, এটা করো ওটা কোরো না। কৃষককে বুঝিয়ে আমাদের কাজ করতে হয়।”
‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন ফোকাস’ বইয়ের মোড়ক উন্মোচন ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা শীর্ষক ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, ফোরাম ফর ইনফরমেনশন ডিসিমিনেশন অন এগ্রিকালচার (ফিডা) সংগঠনের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ এবং সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান।
ফিডা ও সিনজেনটা ফেলোশিপের আওতায় সাংবাদিকদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রকাশিত বইটি পালক পাবলিশার্স প্রকাশ করেছে।
