নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত নামছে
জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে কিছু দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
নিরাপদ খাদ্য আইনের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
খাদ্যমন্ত্রী বলেন, “আইনে বিভিন্ন সাজা দেওয়ার ব্যাপারে মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে, এটি ভেটিং হয়ে গেছে, আইন মন্ত্রণালয় মতামত দিয়ে দিয়েছে।
“দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালত হিসাবে ঘোষণা দিয়ে কয়েক দিনের মধ্যে গেজেট জারি করা হচ্ছে।”
গত ১ ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য আইন কার্যকর করেছে সরকার, যাতে খাদ্যে ভেজালের জন্য পাঁচ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে ২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে বিলটি পাস হয়।
কামরুল বলেন, “নিরাপদ খাদ্য আদালত গঠন করা হচ্ছে ঢাকাসহ সমস্ত জেলায় এবং এর সাথে মোবাইল কোর্ট থাকার বিধান রাখা হচ্ছে। প্রায় ৩৩টি ধারায় মোবাইল কোর্টে বিচার করা হবে।”
