মহেশখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার
মানব পাচারে জড়িত অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া থেকে নুরুল আলম ওরফে লেডুকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
লেডু মাতারবাড়ীর উত্তর সিকদার পাড়ার মৃত দৌলত মিয়ার ছেলে।
এর আগে সকালে ও দুপুরে কক্সবাজার সদরে একই অভিযোগে দুই জনকে আটক করা হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
সে একজন চিহ্নিত মানব পাচারকারী। মানব পাচারের অভিযোগে মহেশখালী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
দিদারুল ফেরদৌস আরও জানান, মানব পাচারের অভিযোগে ইতিপূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
