২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কুপিয়ে-গুলি করে একজনকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2015, 01:17 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

নিহত জহির উদ্দিন উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামের নূরুল আমিনের ছেলে।

বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, শুক্রবার রাতে উপজেলার কবিরবাজার এলাকার এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটক সাহাব উদ্দিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

উপজেলার কালিকাপুর এলাকা থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি ফারুক।

নিহতের বড় ভাই জামাল উদ্দিনকে উদ্ধৃত করে তিনি বলেন, রাত ৮টার দিকে জহির কবিরবাজারের একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বাজারের দক্ষিণ দিক থেকে ১৫/২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

আহতাবস্থায় জহির দৌড়ে বাজারের পশ্চিম দিকে স্থানীয় নবী ডাক্তারের বাড়ির সামনে গেলে দুর্বৃত্তরা সেখানে তাকে গুলি চালিয়ে হত্যা করে।

রক্তাক্ত অবস্থায় জহিরকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জামাল বলেন, তার ভাই এক সময় কবিরবাজারে একটি খাবারের দোকান চালালেও স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজির কারণে ২/৩ মাস আগে দোকানটি ছেড়ে দেন।

“পরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সোচ্চার হয় সে। এ কারণে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছে,” বলেন জহিরের ভাই।

পুলিশ কর্মকর্তা গোলাম ফারুক বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করেছে। জড়িত অন্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।