২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো সাংবাদিক মনোয়ার আর নেই

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক মনোয়ার আহমদ আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 02:02 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন লিভারের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মনোয়ার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের মনোয়ারের জানাজা হয়।

এতে বাসস প্রধান সম্পাদক আবদুল কালাম আজাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান, এসএম জহুরুল আলম, শামসুদ্দিন আহমেদ, আকরাম হোসেন খান, এলাহী নেওয়াজ খান সাজু, রফিকুর রহমান, কাজী রওনাক হোসেন, কামরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, নুরুউদ্দিন আহমেদ, একেএম মহসিন, মীর আহমেদ মীরুসহ বিভিন্ন পত্রিকার আলোকচিত্র সাংবাদিকসহ প্রবীণ ও নবীন সাংবাদিকরা অংশ নেন।

এরপর জাতীয় প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

এর পর প্রয়াতের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

মনোয়ার আহমদের কুলখানি রোববার বাদ এশা পুরান ঢাকার ৫৩/৪ জনসন রোডের খান প্লাজায় অনুষ্ঠিত হবে।

১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় দিয়ে সাংবাদিকতা শুরু করেন মনোয়ার আহমদ। অধুনালুপ্ত চিত্রালীর দীর্ঘদিন প্রধান আলোকচিত্রীর দায়িত্ব পালনকারী দুই যুগের বেশি সময় ওই পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তিনি সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছাড়াও মনোয়ার আহমেদ যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বার্ড ক্লাব অব বেডফোর্ডশায়ারের সদস্য ছিলেন।

পুরনো ঢাকাসহ ঐতিহাসিক স্থাপত্য শিল্প, চলচ্চিত্র ও পাখির ওপর মনোয়ার আহমেদ বেশ কিছু বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- স্থিরচিত্রে রূপালী মুখ, ঢাকার পুরনো কথা, ভাষা আন্দোলনের সচিত্র দলিল, সিলভার ফেসেন ইন স্টিল, বাংলাদেশে উপজাতীয় সংস্কৃতি।

১৯৯৪ সালে তিনি রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান ও ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদের ছবি প্রতিযোগিতায় তৃতীয়, ২০০৪ সালে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার রানার্স আপ ও ২০০৫ সালে সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ আলোকচিত্র সাংবাদিক মনোয়ার আহমদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।