আশ্রয় কেন্দ্রে নিবাসীদের ‘নির্যাতন’, কর্মচারী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রের নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় ওই কেন্দ্রের ওয়ার্ডার মো. মশিয়ার রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার গাজীপুরের সহকারী কমিশনার সত্যজিত রায় দাশ এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম মঙ্গলবার কাশিমপুরস্থ সরকারি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কেন্দ্রের ওয়ার্ডার মো. মশিয়ার রহমানের বিরুদ্ধে কেন্দ্রের নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পান।
পরে তিনি নিবাসীদের ওই অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য নির্দেশ দেন বলে জানান সত্যজিত রায়।
