চট্টগ্রামে মরা মুরগিসহ যুবক ধরা, সাজা
নগরীর বাকলিয়া এলাকায় দোকানে মরা মুরগি রাখার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবীবুল হাসান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. দিদার (২৯) বাকলিয়া থানার জামাইবাজারের সোবাহান হাজি মার্কেটের মুরগি বিক্রেতা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সোবাহান হাজী মার্কেটের মুরগির দোকানে অভিযান চালিয়ে ৬৫টি মরা মুরগিসহ তিন জনকে আটক করে পুলিশ।
“জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ‘১৯৯৫ সালের বিশুদ্ধ খাদ্যদ্রব্য আইনের ৪৪ এর ১৭(১) ধারা’ অনুযায়ী ম্যাজিস্ট্রেট হাবীবুল হাসান দিদারকে ছয় মাসের কারাদণ্ড দেয়।”
দিদারের সঙ্গে আটক সাগর ও নয়ন নামে অন্য দুইজন নাবালক হওয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মহসিন।
ওসি আরও জানান, পটিয়া উপজেলার কাশিয়াইশ থেকে রুবেল নামে এক যুবক সাগর ও নয়নকে নিয়ে মরা মুরগিগুলো বস্তা ভরে বরফ দিয়ে নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে দিদার পুলিশকে জানিয়েছে।
ওসি বলেন, দিদার বিক্রির জন্য মুরগিগুলো তাদের কাছ থেকে কিনেছিল বলেও জানিয়েছে সে।
দিদারসহ তিন জনকে আটক করা হলেও রুবেল পালিয়ে গেছে বলে জানান ওসি।
