২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ফাউন্ডেশনের কাজ বিস্তৃত হবে উপজেলায়ও

প্রতিবন্ধীদের বাস্তবভিত্তিক সেবা নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “প্রতিবন্ধীদের বাস্তবভিত্তিক সেবা প্রদানের জন্য জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলা পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রতিবন্ধীদের জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে প্রেস সচিব জানান।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভাগীয় পর্যায়ে কর্মজীবী প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে।

এ পর্যন্ত সারা দেশে প্রতিবন্ধীদের জন্য ১০৩টি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।

রাজধানীর মিরপুরে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

প্রধানম্ত্রী বলেছেন, আগামী অর্থ বছর থেকে ছয় লাখ প্রতিবন্ধীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

বর্তমানে চার লাখ প্রতিবন্ধীকে মাসে ৩৫০ থেকে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।

প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য বেসরকারি উদ্যোগে তহবিল গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

বৈঠকের শুরুতেই ২০০৯ সালের ২৫ নভেম্বর হওয়া প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।