প্রবাসী আ. লীগ নেতার মৃত্যুতে শেখ হাসিনার শোক
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মনিরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশের কথা জানানো হয়।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কাজী মনিরুল হক প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখেছেন। প্রবাসীদের কল্যাণে অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।”
প্রধানমন্ত্রী প্রয়াত এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।
