রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন
মানবতাবিরোধী অপরাধে চাঁপাইনবাবগঞ্জের দুই রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশনের আইনজীবিরা।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ মামলার রায় ঘোষণা করে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে আমরা সন্তুষ্ট।”
এ মামলার তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে দুই আসামিকে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন তিন বিচারক।
দ্বিতীয় অভিযোগে মাহিদুর রহমান ও আফসারকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
আর আর তৃতীয় অভিযোগে এর আগে দালাল আইনে তারা দণ্ডিত হওয়ায় ওই অভিযোগটি বাদ দেওয়া হয়েছে।
প্রসিকিউটর সাহিদুর রহমান বলেন, তৃতীয় অভিযোগে দুই আসামির অপরাধ সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও দালাল আইনে তারা এর আগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ায় ট্রাইব্যুনালে সেটি বাদ দেওয়া হয়েছে।
“১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তারা দণ্ড ভোগ করেছেন। এটি বিবেচনায় নিয়েছেন আদালত।”
তৃতীয় অভিযোগের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অদক্ষতার পরিচয় দিয়েছেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
সাহিদুর রহমান বলেন, “আমরা যখন দালাল আইনে সাজাভোগের বিষয়টি জানতে পারি, তখন সাক্ষী উপস্থিত করিনি। এ জন্যে তদন্ত কর্মকর্তা অদক্ষতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে আদালত।”
মাহিদুর ও আফসার একাত্তরে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তারা শিবগঞ্জ এলাকায় যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটান, তা উঠে এসেছে এই রায়ে।
