ব্রাহ্মণবাড়িয়ায় চালকের গলাকাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে, যাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় একটি ক্ষেতের আইলে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে সরাইল থানার ওসি আলী আরশাদ জানান।
নিহত মো. গাজী মিয়া (৩০) নাসিরনগরের মহিষবেড় এলাকার আনিস মিয়ার ছেলে।
তিনি কালিকচ্চ এলাকায় অটোরিকশা চালাতেন। সেখানেই একটি ঘরে ভাড়া থাকতেন।
এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরে গাজী মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
