ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ বন্দরে নিজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফেজ শাহ আলম (৩৫) উপজেলার কাইকারটেক খেয়াঘাট সংলগ্ন আদর্শ কিন্ডারগার্টেন মাদ্রাসার সহকারী শিক্ষক।
সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসার সামনে শিক্ষকের কক্ষে ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, শাহ আলমের কাছে একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সকালে প্রাইভেট পড়তে যায়। ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে শাহ আলম।
এ সময় ছাত্রীর চিৎকার শুনে পাশের কক্ষের আরেক শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে যান।
ওই সময় শাহ আলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই আলাউদ্দিন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোকারম হোসেন জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপতালে পাঠানো হয়েছে।
